সিরাজগঞ্জ বাজার স্টেশন বহুমুখী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ খানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে শহরের বাজার স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে কতিপয় সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে মাসুদ খানকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের আভিসিনা হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তার অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় অফিসে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ছবি ভাঙচুর করা হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ছবি ছিল বলে জানা গেছে। এছাড়া অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও নষ্ট ও লুট করা হয়। বর্তমানে আহত মাসুদ খান সিরাজগঞ্জ শহরের আভিসিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মাসুদ খানের সহকর্মী ও সমর্থকরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে জেলা বিএনপির নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।ম এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

