এবার গাংনী উপজেলার চোখতোলা মাঠে গমের অবশিষ্ট অংশ নাড়া পোড়াতে গিয়ে কৃষকের ১৫ বিঘা গম, তামাকসহ বিভিন্ন ফসল পুড়ে ছাই হয়েছে। শনিবার দুপুরের দিকে গমের অবশিষ্ট নাড়া পোড়ানোর জন্য কৃষক আজিজুল ইসলাম আগুন দিলে সেখান থেকে অগ্নিকান্ডের সৃষ্টি হয়ে মাঠের গম, ভূট্টা, তামাক, স্যালোমেশিন ও আমের গাছ পুড়ে যায়। গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চোখতোলা মাঠে নাড়ার আগুন থেকে সৃষ্ট অগ্নিকান্ডে কৃষক রুহুল আমিনের ২ বিঘা, বদরুল ইসলামের ৪ বিঘাজমির গমসহ ভূট্টা ও তামাকের ১০/১৫ বিঘা জমির ক্ষেতের আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া কৃষক শাহিনুজ্জামান, মজনুর রহমান ও হাসেম আলীর তিনটি স্যালো মেশিন ও তিনকাঠা জমির আমের গুটি পুরোপুরি পুড়ে গেছে। তবে, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয় করা হয়নি। উল্লেখ্য, গত দুইদিনে গাংনী উপজেলার গোপালনগর, চাতরের মাঠে শতাধিক বিঘা জমির গমক্ষেত, একই উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা-পলাশীপাড়া মাঠে ৮/১০ বিঘা জমির গমক্ষেত ও কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া মাঠেও গমক্ষেতের আগুন ছড়িয়ে পড়ে একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনে আগুন লেগে আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব ঘটনার পর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে গম কাটার পর অবশিষ্ট নাড়া না পোড়ানোর জন্য সতর্ক করে মাইকিং ও মসজিদে মসজিদে খুতবায় সচেতন করেছেন। তারপরেও কৃষকরা সচেতন না হয়ে একই কাজ বারবার করছেন।

