মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীশান্তে অভিযান চালিয়ে দুইটি ককটেলসহ মুন্তাজ আলী নামের একজনকে আটক করেছে ধলা বিজিবি ক্যাম্প। অটক মুন্তাজ আলী মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের মৃত আফসার আলীর ছেলে। এ ঘটনায় ধলা গ্রামের আফসার আলীর ছেলে মনিরুল ইসলাম পলাতক রয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধলা বিজিবি ক্যাম্পের হাবিলদার আবুল খায়েরের নেতৃত্বে বিজিবি একটি দল আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৩৫/৪ নং এর বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তরের অভিযান চালিয়ে মুন্তাজ আলীকে আটক করেন। বিজিবির অভিযান টের পেয়ে তার অপর সহযোগী মনিরুল ইসলাম পালিয়ে যায়। মধলা বিজিবি ক্যাম্পের ইনটার্জ নায়েক সুবেদার বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে শনিবার দুপুরের দিকে মুন্তাজ আলীকে আটক ও মনিরুল ইসলামকে পলাতক দেখিয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধলা বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে ককটেল দুটি থানায় জমা দিয়েছেন। আটক আসামিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

