সিরাজগঞ্জ জেলায় ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ সুষ্ঠু রাখা এবং অপ্রয়োজনীয় ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে গত ৩০ মার্চ জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, জেলায় সব ধরনের ফিটনেসবিহীন ও অনুমোদনবিহীন যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।
এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের বৈধ কাগজপত্র ছাড়া মোটরযান চালানোও বন্ধ রাখতে বলা হয়েছে। সড়ক ও মহাসড়কে এসব নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, এ নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে তদারকি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের এই পদক্ষেপে জ্বালানি সাশ্রয় ও সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশা করা হচ্ছে।

