ঢাকাTuesday , 31 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কার্ড ছাড়া মিলবে না জ্বালানি, রায়গঞ্জে চালকদের ঢল

Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করায় মোটরসাইকেল চালকদের মধ্যে কার্ড সংগ্রহে ব্যাপক সাড়া পড়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে কার্ড নিতে আসা চালকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন ও ফিটনেসসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে লাইনে দাঁড়ান চালকেরা। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা কাগজপত্র যাচাই-বাছাই শেষে কার্ড বিতরণ করছেন। তবে যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আবেদনকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকৃত যানবাহন মালিক ও চালকদের যাচাই করেই ফুয়েল কার্ড প্রদান করা হচ্ছে। মোটরসাইকেল চালকদের অভিযোগ, হঠাৎ করেই ফুয়েল কার্ড বাধ্যতামূলক করায় অনেকেই আগে থেকে প্রস্তুতি নিতে পারেননি। ফলে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ কার্ড নিতে আসায় ভিড় তৈরি হয়েছে। তবে বিনামূল্যে কার্ড বিতরণের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। দ্রুত কার্ড হাতে পেলে জ্বালানি সংগ্রহে ভোগান্তি কমবে বলেও আশা প্রকাশ করেন চালকেরা। প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ ও ৩১ মার্চ অফিস সময়ের মধ্যে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। আগামী ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনোভাবেই পেট্রোল ও অকটেন বিক্রি করা হবে না। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ উপজেলায় মাত্র ৬টি পেট্রোল পাম্প থাকলেও বরাদ্দের তুলনায় জ্বালানির চাহিদা অনেক বেশি। এতে এলাকায় পেট্রোল ও অকটেনের সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই মূলত ফুয়েল কার্ড চালু করা হয়েছে। যমুনা অয়েল কোম্পানির ডিলার ঘুড়কা সমবায় ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আব্দুল গাফফার জানান, মাসিক চাহিদার ভিত্তিতে প্রায় ৩ হাজার লিটার পেট্রোল ও সমপরিমাণ অকটেন সরবরাহ পাওয়া যায়। আগে যা এক মাসে বিক্রি হতো, বর্তমানে তা মাত্র দুই দিনেই শেষ হয়ে যাচ্ছে। কার্ড সংগ্রহকারী মো. লিটন ও নাজমুল হুদা বলেন, সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নির্ধারিত শর্ত পূরণ করে তারা ফুয়েল কার্ড পেয়েছেন। প্রক্রিয়াটি আরও সহজ ও দ্রুত করার দাবি জানান তারা।