সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার জামতৈল পশ্চিম বাজারের গোডাউন মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম নামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে এক কৃষকের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা নিশ্চিত হন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। এ সময় আরও এক ব্যক্তি অভিযোগ করেন, ওই দোকানে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রি করা হচ্ছে। প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করলেও তল্লাশির একপর্যায়ে দোকান থেকে ৩০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা পেট্রোল সরকারি মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

