ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র দাখিলের দিনটি ছিল সরব ও রাজনৈতিকভাবে গুরুত্ববহ। গত সোমবার (২৯ ডিসেম্বর ) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ইসরাত ফারজানা। ঠাকুরগাঁও-১ আসনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জেলা সভাপতি হাফিজ উদ্দিন, জেলা জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নিজ দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, এডিসি (আইটি) মোস্তফা শাহিন, জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাঈমসহ প্রশাসনের কর্মকর্তারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের বলেন, “দীর্ঘদিন পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। তাই ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমাকে কাজ করার সুযোগ দিন।” তিনি আরও বলেন, জেলার আর্থ সামাজিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার অঙ্গীকার করছেন। ধানের শীষের প্রতি সমর্থন চেয়ে তিনি ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। নির্বাচনী আচরণবিধি মেনে মাত্র ৫ জন নেতাকর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করেন ফখরুল। অপরদিকে ১০ দলীয় জোটের পক্ষে জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁও বাসী যদি ভোটে বিজয়ী করে তাহলে নিরাপদ ঠাকুরগাঁও নির্মাণ সহ জেলার নানাবিধ সমস্যা দূরীকরণে সর্বাত্মক চেষ্টা করবেন। এছাড়াও ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াতের মিজানুর রহমান মাস্টার মনোনয়নপত্র দাখিল করেন। প্রশাসন জানায়, শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

