বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম রামপাল-মোংলা অঞ্চলে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৪ টায় মংলা-খুলনা-বাগেরহাট সংযোগ সড়কের কাটাখালি মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। জনসমাগম ও স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। গণসংযোগকালে কৃষিবিদ শামীমুর রহমান শামীম তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম ও ত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমার পুরো জীবন কেটেছে আন্দোলন করে, গুলি খেয়ে এবং জেল খেটে। স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থেকে অসংখ্য বার কারাবরণ করেছি এবং একাধিকবার গুলিবিদ্ধ হয়েছি। আওয়ামী লীগ শাসনামলে আমার ওপর দমন-পীড়নের স্টিম রোলার চালানো হয়েছে। দেশের কোনো জেলখানা নেই যেখানে আমাকে নির্যাতন করা হয়নি।” তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জিয়া পরিবারকে রক্ষা করতে গিয়ে চরম নির্যাতন সহ্য করেছি। জীবনের নিরাপত্তাহীনতায় আত্মগোপনে থেকে পালিয়ে পালিয়ে সংবাদ সম্মেলন করতে হয়েছে। এই দলের জন্য শুধু জীবনটাই দেওয়া বাকি আছে।” আক্ষেপের সুরে তিনি যোগ করেন, “কথা ছিল ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে, কিন্তু তা করা হয়নি। কর্মসূচিতে বাগেরহাটের রামপাল ও মোংলা থানা বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। স্লোগান আর জনসমাগমে কাটাখালি মোড় পরিণত হয় জনতার মিলনমেলায়। কর্মসূচি শেষে কেন্দ্রীয় এ নেতা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

