লক্ষ্মীপুর জেলার সদর থানার ৩নং দালাল বাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড খন্দকারপুর গ্রামের বাসিন্দা প্রবাসী হাজী নুরু মিয়ার বাড়ি দখলের অভিযোগ উঠেছে ৩নং দালাল বাজার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পী আক্তারের বিরুদ্ধে। প্রবাসী হাজী নুরু মিয়া সৌদি আরব শাখার বিএনপির সাবেক কোষাধ্যক্ষ। তাদের বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল । এই নিয়ে ৩নং দালাল বাজার ইউনিয়ন চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন প্রবাসী নুরু মিয়ার স্ত্রী মমতাজ বেগম। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং ৬নং ওয়ার্ড ইউপি মেম্বার বেলাল, ২ নং ওয়ার্ড ইউপি মেম্বার হারুন চৌধুরী ও স্থানীয় সার্ভে-আমিন মোঃ ফারুকের সমন্বয়ে স্থানীয়ভাবে সালিশের ব্যবস্থা করা হয় । উক্ত সালিশে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে তারা আপস-মীমাংসা করে দেন এবং উভয়পক্ষ তা মেনেও নেন।
তার একদিন পরেই কালু মিয়া বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর আদালতে ১৪৪/৪৫ ধারায় মামলা করেন এবং আদালত আগামি ৭ জানুয়ারি ২০২৬ মামলার শুনানির দিন ধার্য করেন। আদালত নালিশি ভূমিতে কোনো পক্ষ যেন নির্মাণ কাজ করতে না পারে, সে জন্য লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। উক্ত আদেশের পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর সদর থানার এসআই ইয়াকুব আলী উভয়পক্ষকে নোটিশ দেন।
কিন্তু আদালতের আদেশ উপেক্ষা করে কালু মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী আওয়ামী লীগ নেত্রী শিল্পী আক্তার রাতের আঁধারে ঘর নির্মাণ করেন। উক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে স্বীকার করলেও পরবর্তীতে প্রসঙ্গটি এড়িয়ে যান।
এ বিষয়ে প্রবাসী হাজী নুরু মিয়া বলেন, আমি ঘর নির্মাণে বাধা দিতে গেলে বিবাদীরা আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে প্রাণনাশের হুমকি দেয় । এই বিষয় নিয়ে লক্ষ্মীপুর সদর থানায় আমি লিখিত অভিযোগ করি। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর থানার এসআই নুরুল করিম সরজমিনে এসে নির্মাণ কাজ বন্ধ করে দেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে এসআই নুরুল করিম বলেন, আমরা ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পাই এবং নালিশি জমিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ না করতে আদালতের নির্দেশনার কথা বলি ।

