মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙা গ্রামে পেঁপে বাগান থেকে তপন হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে হাড়াভাঙ্গা- সাহেবনগর গ্রামের ইন্ডিয়া মাঠ নামক স্থানের একটি পেঁপে বাগান থেকে তার রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে সকাল নয়টার দিকে পেঁপে বাগানে কাজ করতে আসা কৃষকরা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে পুলিশ এসে পৌছান। নিহত তপন হোসেন গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙা হিন্দুপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন বলেন, আমার কাছে সকালে ফোন যায় যে হাড়াভাঙা মাঠে একটি মরদেহ পড়ে আছে। আমি ও থানা পুলিশের সদস্যরা মরদেহটির পরিচয় সনাক্তের চেষ্টা করতে থাকি। এর ঘন্টা খানেক পরে নিহতের স্ত্রী রুপা খাতুন এসে তার স্বামীর মরদেহটি সনাক্ত করেন। তবে কি কারণে তাকে মেরে ফেলা হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। নিহতের স্ত্রী রুপা খাতুন বলেন, গতকাল রাত নয়টার দিকে বাড়ি থেকে কয়েকজন ডেকে নিয়ে যায় তপনকে। তারপর অনেকক্ষণ ধরে তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি। এরপরপর মোবাইল ফোনটিও বন্ধ পাই। রাতে আমরা অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান মিলাতে পারিনি। আর আজ সকালে শুনতে পাই মাঠে একটা মরদেহ পড়ে আছে। এসে দেখি আমার স্বামীর লাশ। আমি এর বিচার চাই। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উত্তম কুমার দাস বলেন, হাড়াভাঙা একটি পেপে বাগানের মাঠ থেকে তপন নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি তাকে রাতের আধারে কেবা বা কাহারা মেরে মাঠের মধ্যে ফেলে রেখেছে। ময়নাতদন্তে শেষে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

