ধর্ষণ ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ৮টি মামলার পলাতক আসামি মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিঠু (৪২) কে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর নেতৃত্বে র্যাব-১২ সিপিসি-৩ গাংনী ক্যাম্প ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানের সময় বাড়ি তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম মিঠু মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের রেজাউল হকের ছেলে। মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম মিঠুর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা, একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা, একটি হত্যাচেষ্টা মামলা ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে মোট ৮টি মামলা রয়েছে। আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় মুজিবনগর থানায় অস্ত্র আইন ১৮৭৮ সালের ১৯ (এ) ও ১৯ (এফ) ধারায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। মামলাটি থানার মামলা নং-০৯, তারিখ-১৯/১২/২৫ ইং। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম শনিবার সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, মেহেরপুর সদর থানা পুলিশের পৃথক অভিযানে গত ১২ ঘন্টায় বিভিন্ন মামলার আরও ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ন কবীরের নেতৃত্বে পুলিশের একাধিক টিম শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি।

