ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
শীতের আগমনের সাথে সাথে গ্রামাঞ্চলে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছিরা। শীতের শুরুতে, বিশেষ করে কার্তিক মাসের শেষে অগ্রহায়ণ মাস থেকে গাছিরা খেজুর গাছ প্রস্তুত করে এবং রস সংগ্রহের কাজ শুরু করে। শীতকালে পিঠা-পুলির জন্য খেজুরের রসের চাহিদা থাকে বেশি। ইতিমধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। পাশ্ববর্তী উপজেলার এক গাছী রাজিমউদ্দিন জানান, একটি গাছকে ডাল পালা কেটে প্রস্তুত করতে কয়েক দিন সময় লাগে। খেজুরের রস সংগ্রহের জন্য প্রথমেই গাছের মাথা পরিষ্কার করতে হয়। সাদা অংশ কেটে রোদে শুকানো হয়। পরে আবার তা কেটে কলস বেঁধে রস সংগ্রহ করা হয়। প্রথম কয়দিন রস সংগ্রহের পর পরবর্তী কয়দিন গাছ রোদে শুকানো হয়। আর রস সংগ্রহের জন্য বিকাল থেকে হাড়ি বাঁধা শুরু হয়, আর ভোর ৫-৬ টায় জমা রস সংগ্রহ শুরু করি। রাজিমউদ্দিন এই পেশার সাথে ৬১ বছর ধরে সম্পৃক্ত। তিনি অভিজ্ঞ হওয়ায় শীতের শুরুতেই বিভিন্ন এলাকার যুবক ও গাছের মালিকরা উনাকে বাড়ি থেকে এসে নিয়ে যায় তাদের এলাকার গাছ থেকে রস সংগ্রহ করে দেওয়ার জন্য৷ তিনি বলেন আমার বয়স হয়ে যাওয়ায় আগের মতো এখন সবখানে যেতে পারিনা। আর আগের মতো এতো খেজুর গাছ না থাকায় এখন এতো চাপ ও নেই। ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বাসিন্দা মনিরুজ্জামান মনি জানান আমার একটা গাছ ছিলো সেটা থেকে নিজেরা রস খাওয়ার জন্য গাছ প্রস্তুত করিয়েছি। এখন সেখান থেকে প্রতিদিন ফ্রেশ খেজুরের রস খেতে পারছি। খেজুর গাছ কম রোপন হওয়ায় কালের পরিবর্তনের সাথে সাথে এখন আর খেজুর গাছ তেমন আর চোখে পড়ে না। আর সাথে সাথে হারিয়ে যাচ্ছে পুরোনো দিনের নানা ইতিহাস, ঐতিহ্য ও আবেগ।

