“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতিবিরোধী পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসন, দুদক এবং বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন। স্বাগত বক্তব্য প্রদান করেন দুদকের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন। আলোচনা সভায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন বিশ্বাস, বিএমডিএর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, দুদকের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দুর্নীতি মুক্ত দেশ গড়তে আগামী প্রজন্ম, বিশেষ করে তরুণ সমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সচেতনতা, নৈতিক শিক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব।

