সারাদেশে বাউল শিল্পীদের ওপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “বাউলদের ওপর হামলা ন্যাক্কারজনক। এটি বাংলাদেশের আবহমান গ্রামীণ ও মানবিক সংস্কৃতির ওপর আঘাত। এসব হামলা উগ্র ধর্মান্ধদের দ্বারা সংঘটিত যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” বুধবার বিকেলে নিজ নির্বাচনি জেলা ঠাকুরগাঁওয়ে গত বছরের ৪ আগস্ট আগুনে পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয়ের সংস্কার শেষে নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, “বাউলরা যুগ যুগ ধরে মাঠে-ঘাটে গান গেয়ে মানুষের চেতনা জাগিয়েছে। তাদের ওপর হামলা মানে গ্রামীণ সংস্কৃতির ওপর হামলা। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” সাম্প্রতিক সময়ে দেশে ঘনঘন অগ্নিকাণ্ড প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এসব ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখেন না তিনি। তার ভাষায়, “আমাদের শিল্প কারখানা, গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বশীলদের অবহেলা, অগ্নি নির্বাপণ ব্যবস্থার ঘাটতি এবং আইন অমান্যের কারণেই এমন দুর্ঘটনা ঘটে। আইনের কঠোর প্রয়োগ এবং পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হলে এসব দুর্ঘটনা সহজেই এড়ানো সম্ভব।” এ সময় আসনভিত্তিক মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, বিএনপি খুব শিগগিরই বাকি আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করবে। “আমরা যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেবো” বলেন তিনি। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

