দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। এ উপলক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বুধবার (২৬ নভেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা জামায়াতের আমির মনজুরুল হক, ইসলামি আন্দোলনের সভাপতি মুফতী হাবিবুল্লাহ, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, মহিলা বিষয় কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, সমাজ সেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, কৃষি কর্মকর্তার রিপা রাণী চৌহান প্রমুখ। উপস্থিত সুধীজনেরা বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা এই খাতে সরকারের বিভিন্ন কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরেন। বিশেষ করে, রোগ নিয়ন্ত্রণে এলএসডি, এফএমডি ও পিপিআর রোগ প্রতিরোধের জন্য বিপুল পরিমাণ টিকা প্রয়োগ এবং নির্দিষ্ট অঞ্চলে জোনিং কার্যক্রমের কথা উল্লেখ করা হয়। তাঁরা জোর দিয়ে বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপনের মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ এবং নারী ও যুব উদ্যোক্তা তৈরি করা। তারা আরও আশা প্রকাশ করেন যে, সরকারি ও বেসরকারি সমন্বয়ের মাধ্যমে এই খাত আন্তর্জাতিক মান অর্জন করবে। তাঁরা এই খাতের উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানান। পরিশেষে এ আয়োজনে আয়োজকরা মনে করেন ঈশ্বরগঞ্জের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর পর অতিথিরা পায়রা উড়িয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন। এ উপলক্ষে স্থানীয় হাসপাতাল চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ৩২ টি স্টলে গবাদিপশু, পাখি, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

