পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক সংলগ্ন তেঁতুলবাড়িয়া খাল এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় বনরক্ষীরা অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করে। ২৫ নভেম্বর মধ্যরাতে আন্দার মানিক ইকো ট্যুরিজম কেন্দ্রের খাল এলাকায় এ অভিযান চালানো হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দার মানিক ইকো ট্যুরিজম কেন্দ্রের তেতুলবাড়িয়া খাল এলাকায় বিষ দিয়ে মাছ ধরছে এমন গোপন সংবাদে বনরক্ষীদের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বনরক্ষীরা ওই এলাকা থেকে দুই জেলেকে আটক করে। এ সময় তারা জেলেদের ব্যবহৃত একটি নৌকা জব্দ করে এবং সেখানে থেকে বিষের বোতল সহ কিছু মাছ উদ্ধার করে। আটককৃত জেলেরা হল বাগেরহাটের মংলা উপজেলার বৈদ্যমারি গ্রামের শফিকুল ও রবিউল ইসলাম। আটকৃতদের বিরুদ্ধে বন বিভাগের আইনে মামলা দায়ের করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, বনবিভাগের তৎপরতায় বিষ দিয়ে মাছ ধরার সময় জেলেদের আটক করা সম্ভব হয়েছে। তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

