সুন্দরবনে অস্ত্র ও গোলা বারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। আটককৃত ডাকাত সহযোগী আব্দুর রহিম (৩২) বাগেরহাট জেলার শরণখোলার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহকারী ও ডাকাত দলের সদস্য আব্দুর রহিম বৃহস্পতিবার সকালে হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে আব্দুর রহিম দৌড়ে পালানোর চেষ্টা করে। আভিজনিক দলটি তাকে আটক করতে সক্ষম হয় এবং সে সময় তার কাছ থেকে ১ টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। তিনি আরো বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

