গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শামসুল হক সরকার (৬৩) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামসুল হক সরকার ওই গ্রামের মৃত কলিম উদ্দিন সরকারের ছেলে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর (আকরাপাড়া) গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সম্প্রতি পারিবারিক বিষয়ে স্ত্রী সাদারানী বেগমের সঙ্গে শামসুল হক সরকারের কথা কাটাকাটি হয়। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার সন্ধ্যার দিকে বাড়ির লোকজনের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে স্বজনদের দাবি শামসুল সরকার হার্ট অ্যাটাকে মারা গেছেন। জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান শুভ জানান, শামসুল হক সরকারের মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থলে যাওয়া হয়। ঘরে থাকা তার মরদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে শামসুল হক সরকার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির গলায় ফাঁস লাগানো চিহ্ন রয়েছে।

