জামালপুরের সরিষাবাড়ীতে ফেসবুকে স্ট্যাটাসের তিন ঘণ্টা পর বিশাল মিয়া (১৭) নামে দশম শ্রেণির শিক্ষার্থীর ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর পৌর এলাকার শিমলা বাজার সুমন ফার্মেসিতে এ ঘটনা ঘটেছে। বিশাল আওনা ইউনিয়নের কাবারীয়াবাড়ী গ্রামের সাগর মিয়ার ছেলে। সে আর ডি এম পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও পড়ালেখার পাশাপাশি সুমন ফার্মেসির কর্মচারী ছিলো। ফেসবুকে এমন পোষ্টের কারন ও আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও নিহতের বাবা সাগর মিয়া বলেন, বিশাল সোমবার বিকালে নিজের ফেসবুক আইডিতে ‘বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি’ এমন স্ট্যাটাস দেয়ার পর ঘুমের কথা বলে ফার্মেসির বিশ্রামাগারে ঢুকে। কিছুক্ষন পর ফার্মেসি মালিক সুজিত কুমার রায় সুমনকে ডাকতে গেলে ভেতর থেকে দরজা বন্ধ পায়। ডাকার একপর্যায়ে কোন সাড়াসব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গেলে বিশালকে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী বলেন, সন্ধ্যার পর গলায় ফাঁস দেওয়া রোগীকে হাসপাতালে আনা হয়েছিলো। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়ছে। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাশেদুল হাসান বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

