ঢাকাTuesday , 28 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদালতে খায়রুল বাশারকে মারধর, ৯৯ মামলার ১৪টিতে জামিন

Link Copied!

অর্থ আত্মসাতের একাধিক মামলায় গ্রেফতার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে পুলিশি পাহারায় আদালতের এজলাসে আনার পথে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় একজনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।
প্রায় শতাধিক মামলায় গ্রেফতার খায়রুল বাশার জামিন আবেদন শুনানির জন্য আদালতে উপস্থিত হন। তাকে আনতে পুলিশ কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করলেও মূল সড়ক ব্যবহার না করে কৌশলে অন্য পথ দিয়ে এজলাসে তোলা হয়।
ঠিক এজলাসের দরজায় পৌঁছানোর সময় কয়েকজন অভিযোগকারী তার ওপর হামলা চালান। পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে খায়রুল বাশারকে এজলাসের ভেতরে প্রবেশ করায়। এসময় বাইরের স্থানে অভিযোগকারীরা বিভিন্ন বক্তব্য দেন। আদালত কার্যক্রম শেষে তাকে আবার হাজতখানায় নেওয়া হয়।
খায়রুল বাশার ৯৯টি মামলায় জামিন আবেদন করলে আদালত ১৪টি মামলায় জামিন মঞ্জুর করেন। মামলাগুলো চেক সংক্রান্ত হওয়ায় এই জামিন মঞ্জুর করা হয়। জামিন মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াদুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী পারভেজ আহমেদ।
একজন বিক্ষোভকারী বলেন, শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৪ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তিনি মারধরের বিষয়ে মন্তব্য করতে চাননি।
বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক জানান, খায়রুল বাশারের বিরুদ্ধে প্রায় ৩০০ মামলা রয়েছে, যেখানে তিন হাজার শিক্ষার্থী তাদের অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন।
মারধরের বিষয়টি নিশ্চিত করে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, মারধরের সময় পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। একজনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযোগ ওঠা আহত পুলিশ সদস্যের সঙ্গে প্রতিবেদক যোগাযোগে করলে, আহত হওয়ার কথা অস্বীকার করেছেন।