ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়েছেন স্থানীয় নাট্যকর্মী শামীম আকতার (৪০)। সোমবার বিকেলে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শামীম আকতার ওই গ্রামের পজির উদ্দীনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শামীম আকতার স্থানীয়ভাবে নাটক ও স্বল্পদৈর্ঘ্য নাটকে অভিনয়ের মাধ্যমে নাট্যকর্মী হিসেবে পরিচিত ছিলেন। প্রায় দুই মাস আগে তিনি ও তাঁর স্ত্রী মুক্তা আক্তার ইতালিতে যাওয়ার চেষ্টা করেন। প্রায় কয়েক লাখ টাকা খরচ করেও ভিসা জটিলতার কারণে শামীম নিজে যেতে না পারলেও স্ত্রী চলে যান ইতালিতে। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সোমবার বিকেলে ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় হঠাৎ ফাঁসের দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেন শামীম আকতার। পরবর্তীতে স্বজনরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নাট্যপ্রেমী মহল এবং স্থানীয়দের মধ্যে এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শামীম আকতারের মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

