ঢাকাSaturday , 21 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাম্পাস আড্ডায় স্বাধীনতা

Link Copied!

Gono-bissobiddaloyগণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে।’
-নির্মলেন্দু গুণ
কবি তার ভাষায় স্বাধীনতার বর্ণনা করেছেন এভাবে। জাতি হিসেবে আমরা বাঙালিরা অনেক বেশি আবেগপ্রবণ। আর সেই আবেগটা যদি হয় দেশের স্বাধীনতা নিয়ে তাহলে সেটা কোন পর্যায়ে পৌঁছায় তা আমরা করে দেখিয়েছি।
বছর ঘুরে আবার এলো স্বাধীনতার মাস। ২৬ মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতার মাসে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে স্বাধীনতা দিবসের আবেশ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের আড্ডায় এখন আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বাধীনতা দিবস। ক্লাস ও পরীক্ষার ফাঁকে ক্যাম্পাস চত্বর কিংবা ক্যান্টিন আড্ডায় বারবার উঠে আসছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবসের ইতিহাস, পটভূমি এবং আমাদের বিজয় অর্জন।
একেকজনের ভাষায় স্বাধীনতার আবেগ এক এক রকম। নিশি কবিরের ভাষায় স্বাধীনতা মানে নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ফিরে আসা। আবার আব্দুর রউফ সেতুর ভাষায় স্বাধীনতা মানে যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের কথা চিন্তা করে সেই আলোকে জীবন পরিচালনা করা, দেশের জন্য কাজ করা।
কথা হচ্ছিল সাভারের গণবিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে, এদের সঙ্গে আরো যোগ দিলেন আল আকসার সাজিদ, রথী বিশ্বাস, রোমানা স্মরণ ও মিশু দেওয়ান। সাজিদের কথায় স্বাধীনতা মানে পতাকা নিয়ে দৌড়াদৌড়ি আর মুক্ত পাখির মতো ডানা মেলে নীল আকাশে ছুটে চলা। আর এভাবেই জমে উঠে তাদের আড্ডা।
আড্ডা চলতে চলতে সময় বয়ে যায়, প্রসঙ্গক্রমে কথা হয় স্বাধীনতার ৪৪ বছরে আমাদের প্রাপ্তি আর অপ্রাপ্তি নিয়ে। রথী বিশ্বাসের মতে অপ্রাপ্তির চেয়ে প্রাপ্তির পাল্লাই বেমি ভারী। স্বাধীনতা অর্জনের এই অল্প কয়েকদিনে আমাদের অর্জন অনেক বেশি। আমরা ধীরে ধীরে বিশ্বের মানচিত্রে নিজেদের গৌরাবান্বিত একটি জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছি নানাভাবে। কিন্তু মিশু দেওয়ান আর রোমানা স্মরণ তর্ক জুড়ে দেন রথীর সঙ্গে। মিশু বলেন, ‘আমরা স্বাধীনতাকে চেয়েছি কিন্তু পেয়েছি কি না তা নিয়ে আজও আমাদের মনে সংশয়। নিজের ভেতরে প্রশ্ন জাগে, কেননা আজও আমরা নিজের মতো করে আমাদের মাতৃভূমিকে পাইনি। শুধু মাতৃভাষায় কথা বলতে পারাটা কখনোই স্বাধীনতার বহিঃপ্রকাশ না।’
আর রোমানা স্মরণ সঙ্গে যোগ করেন, ‘চলমান সহিংসতা, হত্যা আর অপরাধের কথাও। তবে যে যাই বলুক না কেন সবার প্রত্যাশার জায়গা একটাই। একটি সোনার বাংলাদেশ।’