পঞ্চগড় জেলার বোদা উপজেলার বনগ্রাম বেংহারী ইউনিয়নের বন্দরপাড়া এলাকার কৃষক সামসুউদ্দীন চইঝাল গাছ চাষ করে হয়েছেন স্বাবলম্বী। কয়েক বছর আগে ছোট পরিসরে শুরু করলেও এখন নিয়মিত পরিচর্যা ও বিক্রির মাধ্যমে ভালো আয় করছেন তিনি। চইঝাল গাছ মূলত সুপারি ও মেহগনি গাছে ভর করে বেড়ে ওঠে। দুই বছরের একটি গাছ প্রায় দুই হাজার টাকা এবং পাঁচ বছরের গাছ ১৪-২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। এতে খরচ কম, লাভ বেশি। এ গাছের শিকড় ও লতা রান্নায় ব্যবহৃত হয়, বিশেষ করে মাংসে ভিন্ন স্বাদ ও ঘ্রাণ আনতে এর ব্যাপক চাহিদা রয়েছে। গ্রামীণ রান্নাঘরের পাশাপাশি শহরেও দিন দিন জনপ্রিয় হচ্ছে চইঝাল। কৃষি কর্মকর্তারা জানান, খুব বেশি পরিচর্যা ছাড়াই এটি চাষ করা যায়। সুপারি বাগানের ফাঁকা জায়গায় চইঝাল রোপণ করলে একই জমি থেকে দ্বিগুণ আয় সম্ভব। স্থানীয়দের মতে, সঠিক উদ্যোগ নিলে চইঝাল চাষ পঞ্চগড়ের কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।

