গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলন্ত সিএনজির ধাক্কায় মারিয়া আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। গত রোববার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের ঠুটিয়াপুকুর-সাদুল্লাপুর সড়কের কুঞ্জ মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার কুঞ্জ মহিপুর গ্রামের আব্দুল মালেক মিয়ার মেয়ে। স্থানীয়রা জানায়, ওই সময় মারিয়া আক্তার বাড়ি থেকে রাস্তার পার হচ্ছিল। এ সময় ঠুটিয়াপুকুর দিক থেকে আসা একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়। তখন স্বজনরা শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, কুঞ্জ মহিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ বিষয়ে সবাইকে সচেতন থাকা দরকার।

