কুড়িগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডের স্বাধীনপাড়া ও রেজিষ্ট্রি অফিস পাড়ার সড়ক উন্নয়ন, পানির সাপ্লাই লাইন সংস্কার এবং ড্রেন সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে এলাকাবাসী। কুড়িগ্রাম পৌরসভার অতি গুরুত্বপুর্ণ ৫নং ওয়ার্ডের স্বাধীন পাড়া ও রেজিষ্ট্রি অফিস পাড়ার নাগরিকদের চলাচলের একমাত্র সড়কটি নিচু হওয়ায় বর্ষাকালে সড়কে পানি জমে থাকে। রাস্তা সংলগ্ন ড্রেনটি চওড়া এবং গভীরতা কম হওয়ায় ময়লা ও দুষিত পানি বাসাবাড়ীতে প্রবেশ করে নানা জটিল রোগ ব্যধির সৃষ্টি করছে। খাবারের পানির লাইনটি পুরাতন হওয়ার ফলে অনেকস্থানে ফেটে যাওয়ায় ড্রেনের দুষিত পানি সাপ্লাই লাইনে প্রবেশ করছে। এছাড়া ড্রেনের কিছু স্থানে স্লাব না থাকায় ময়লা আবর্জনা ড্রেনে প্রবেশ করছে। ফলে সাধারন বাসিন্দাদের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। জনসাধারনের স্বার্থে কার্যকরী ব্যবস্থা গ্রহন একান্ত জরুরী। কুড়িগ্রাম পৌরসভার স্বাধীন পাড়া ও রেজিষ্ট্রি অফিস পাড়ার বাসিন্দা মোঃ উমর আলী, মোঃ মোস্তাফিকুর রহমান, মোঃ জালাল উদ্দিন, আঃ হাই সরকার, আঃ মমিন, মকবুল হোসেন, মোঃ লুৎফার রহমান, একেএম মাজেদ, আহসানুল হক, মোঃ মারুফ উল-আলম, মোঃ মমিনুর জামান, খোরশেদ আলম সহ অনেকে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।

