খুলনার কয়রায় বিশেষ অভিযানে ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদসহ এক হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (১৫ সেপ্টেম্বর ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। আটক ব্যক্তির নাম মিজানুর রহমান, তিনি খুলনার কয়রা উপজেলার আংটিহারা গ্রামের বাসিন্দা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল খুলনার কয়রা থানাধীন ছোট আংটিহারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং আনুমানিক ৩০০ মিটার দীর্ঘ হরিণ শিকারের ফাঁদসহ ১ জন শিকারিকে আটক করা হয়। অভিযান শেষে জব্দকৃত মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটককৃত মিজানুর রহমানকে আন্দারমানিক ফরেস্ট অফিসের কাছে আইনানুগ ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়। কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

