গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় টিসিবি’র মালামাল নিয়ে বাড়ী ফেরার পথে শামসুল ইসলাম নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা ২টার দিকে কামদিয়া-গোবিন্দগঞ্জ সড়কের সাপমারা ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামের সামেদ আলীর পুত্র। স্থানীয়রা জানান, সাপমারা ইউনিয়ন পরিষদ চত্বরে ডিলারের কাছ থেকে টিসিবির মালামাল নিয়ে বাড়ী ফেরার জন্য রওনা দেন সামসুল ইসলাম। এ সময় দ্রুতগামী চাল বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। গাইবান্ধা গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মাসুদ রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

