সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদে ২৬ আগস্ট সকাল ৬টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের দল তাদের ধাওয়া করে ঘিরে ফেলে। পরে ওই এলাকা থেকে ১ টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৬ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগীকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ডাকাত আলমগীর হোসেন সাগর বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা বলে জানান। তিনি দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। আটককৃত ডাকাত ও জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে কোস্টগার্ড পশ্চিমজনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসিন বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

