ঢাকাMonday , 25 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৬ বছরের অপশাসন দেড় বছরে সুধরানো সম্ভব না: উপদেষ্টা শারমীন

Link Copied!

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বিগত সরকার ১৬ বছরে যে অনিয়ম করেছে তা এক থেকে দেড় বছরে সুধরানো সম্ভব না। ১৬ বছরের অপশাসন দেড় বছরে একটা সরকার কতটা সুধরে দিতে পারে? মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। কিন্তু তাদের সব আশা-প্রত্যাশা সমাধান করা সম্ভব না।
তিনি বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) ভেতরে অনেক অনিয়ম আছে। ওই জায়গা থেকে ভালো জায়গায় বেরিয়ে আসতে হবে। কীভাবে আমরা দুর্নীতির বাইরে আসতে পারি সেটা দেখতে হবে।
সোমবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক সভাকক্ষে ‌‘নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ আরও বলেন, নারীর অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করা একটি টেকসই সমাজের জন্য অপরিহার্য। এ ধরনের প্রকল্প সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ ধরনের প্রকল্প চলমান অবস্থায় সংশ্লিষ্টরা দুর্নীতির আশ্রয় নেন। এতে বিনিয়োগকৃত অর্থ অপচয় হয়। যার প্রভাবে আমাদের প্রান্তিক মানুষরা সুফল থেকে বঞ্চিত হন। আপনাদের খেয়াল রাখতে হবে এই কর্মকাণ্ডগুলো যেন দুর্নীতিমুক্ত থাকে।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সিভিল সার্জন মোফাখখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন লাইট হাউজের নির্বাহী প্রধান মো. হারুন অর রশীদ। প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মুশফিকুর রহমান।
বাংলাদেশ সিভিক এঙ্গেজমেন্ট ফান্ডের ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন পিউ নাগরিকতা প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেন। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা জেলায় ২০০ শয্যার শিশু হাসপাতালের দাবি জানান। এছাড়া বগুড়ায় আধুনিক পার্ক স্থাপনের বিষয়টি তুলে ধরা হয়। এসব কথার পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।