মানিকগঞ্জ প্রতিনিধি: সদর উপজেলার ভাটবাউর এলাকার একটি ডোবা থেকে শেফালী বেগম (৫৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শেফালী ওই গ্রামের মো. জলিল মিয়ার স্ত্রী।
নিহতের বড় ছেলে মো. জসিম উদ্দিন জানান, গত বুধবার তার মা মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকায় মেয়ের বাড়ির বেড়াতে যান। বিকেলে মেয়ের বাড়ি থেকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হন। রাতে বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। সকালে বাড়ির অদূরে একটি ডোবায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, নিহত শেফালী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই রোগেই তিনি পানিতে পড়ে মারা গেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

