সাভারে নির্মাণাধীন ভবনের লিফটের জায়গার পানিতে পড়ে সাড়ে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫ টার দিকে সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন স্বরণিকা আবাসিক এলাকার আমিনুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে ৩ বছরের শিশু তৌফিক তার বাবা রাজমিস্ত্রি ফারুকের সঙ্গে ওই বাড়িতে যায়। এ সময় অসাবধানতাবশত লিফটের স্থানে জমে থাকা পানিতে পড়ে সে মারা যায়। পরে পুলিশকে না জানিয়ে শিশুটির লাশ তার গ্রামের বাড়ি বগুড়ায় পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় এলাকাবাসী নির্মাণাধীন ভবনের মালিকের কঠোর শাস্তি দাবি করেছেন। তাদের অভিযোগ, কোন প্রকার সেফটি ব্যবস্থা ছাড়াই ওই ভবনে নির্মাণকাজ চলছে। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

