বাংলাদেশের অন্যতম জনগুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পর্যটন নগরী কক্সবাজারের রামুতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল ১০টায় রামু বাইপাসের খালেকুজ্জামান চত্বরে এ কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটি কক্সবাজার ও রামু সম্মিলিত নাগরিক পরিষদ। এ সময় মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের অন্যতম জনগুরুত্বপূর্ণ যোগাযোগপথ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। প্রতিদিন হাজারো পর্যটক ও পণ্যবাহী গাড়ি চলাচল করায় মহাসড়কটি সবসময় চাপের মধ্যে থাকে। সরু সড়ক হওয়ায় দুর্ঘটনা ও যানজটের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। নিরাপদ, দ্রুত ও আরামদায়ক যোগাযোগের স্বার্থে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। সমাবেশে সভাপতিত্ব করেন ৬ লেন বাস্তবায়ন কমিটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।এ সময় বক্তব্য দেন রামু সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক মাস্টার মোহাম্মদ আলম, বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, সিনিয়র সাংবাদিক এইচএম এরশাদ, মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক কিশোর বড়ুয়াসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মসূচিতে রামু প্রেস ক্লাব, সুজন, বাপা, রামু পাবলিক লাইব্রেরি, রামু সম্প্রীতি পরিষদসহ নানা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উল্লেখ্য যে, বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি এক ধরণের মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। এই সড়কটিতে দুর্ঘটনায় মৃত্যু যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই মহাসড়কটি নিয়ে দূরপাল্লার যাত্রীদের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে। সড়কটিকে ৬ লেনে উন্নীতকরণের দাবি দীর্ঘদিনের।

