ঢাকাThursday , 21 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ৪টি আসন পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ

Link Copied!

বাগেরহাটের ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাগেরহাট ফকিরহাটের গুরুত্বপূর্ণ পয়েন্ট কাটাখালি মোড়ে এই অবরোধ কর্মসূচি পালন করে তারা। ৪ ঘন্টার অবরোধের ফলে ঢাকা খুলনা মহাসড়কের ঢাকা-নওয়াপাড়া, কাটাখালি-মংলা, বাগেরহাট-নওয়াপাড়া এবং খুলনা-কাটাখালী রোডে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি সফল করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও হাজার হাজার সাধারণ জনতা কাটাখালী মোড়ে উপস্থিত হন। প্রত্যেকের দাবি একটাই আগামী ২৫ তারিখে নির্বাচন কমিশনের শুনানিতে বাগেরহাটের ৪টি সংসদীয় আসন যেন বহাল থাকে। আগামী ২৫ আগস্ট নির্বাচন কমিশনের শুনানিতে যদি বাগেরহাটের ৪টি আসন পুনর্বহাল না রাখা হয় তাহলে ২৬ আগস্ট তারিখ থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে বাগেরহাট থেকে সারা বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। সেই সাথে মংলা বন্দরকেও অচল করে দেওয়ার ঘোষণা দেন তারা। অবরোধে আটকে থাকা পরিবহন যাত্রী রহিমা বেগম বলেন, মাঝপথে অবরোধে আটকা পড়েছি, অস্বস্তি লাগছে। কিন্তু যৌক্তিক দাবিতে বাগেরহাটবাসী সড়ক অবরোধ করেছে। ৪টি আসন থেকে একটি আসন কর্তণ করা কোনভাবেই মেনে নেওয়া যায় না। অনতিবিলম্বে ইসির এই সিদ্ধান্ত বাতিল করা হোক। অবরোধে অংশগ্রহণকারী শ্রমিক দল নেতা সর্দার লিয়াকত আলী বলেন, কি বুঝে ইলেকশন কমিশন এরকম হটকারী সিদ্ধান্ত গ্রহণ করল তা আমাদের বোধগম্য নয়। বাগেরহাটকে নিয়ে কোন ষড়যন্ত্র আমরা মানবো না। বিগত দিনেও ঐক্যবদ্ধভাবে আমরা সকল ষড়যন্ত্র রুখে দিয়েছি। ৪টি আসন বহাল রাখা না হলে বাগেরহাট থেকে সারা বাংলাদেশের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে। জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম বলেন, বাগেরহাটের ৪টি আসন থেকে একটি আসন কর্তন করার কোন যৌক্তিকতা নেই। কারো সাথে কোন কথা না বলে ইসির এমন সিদ্ধান্ত কোনভাবেই সমর্থন করি না। হতে পারে এটা নির্বাচন বিলম্বিত করার অপকৌশল। স্বাধীনতার পর থেকে যেভাবেই সংসদীয় আসন রয়েছে সেভাবেই থাকুক। এটা আমাদের দাবি এটা বাগেরহাট বাসীর দাবি। জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, সারা বাংলাদেশে একটি মাত্র সংসদীয় আসন কর্তন করার সিদ্ধান্ত নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের অংশ। বাগেরহাটবাসীর সাথে কথা না বলে এমন সিদ্ধান্ত গ্রহণ করার কোন যৌক্তিকতা নেই। অনতিবিলম্বে ৪টি আসন পুনর্বহালের ঘোষণা দেওয়া হোক। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করে নেওয়া হবে। অবরোধ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, জেলা নায়েবে আমির এডভোকেট আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, ফকির তারিকুল ইসলাম, সাঈদ নিয়াজ হোসেন শৈবাল, ইফতেখার আহমেদ পলাশ, জামায়াত নেতা কোহিনূর সরদারসহ বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।