মৎস্য সম্পদের সুরক্ষা, টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করণ এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে উপকূলীয় অঞ্চলে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৯ আগস্ট) বরগুনা জেলার পাথরঘাটা এবং ভোলা জেলার মনপুরায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ লক্ষ ৯৫ হাজার মিটার অবৈধ জালজব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকার অধিক। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষ খালি নদীর লঞ্চ ঘাট, কালমেঘা, রূপধন, ছনবুনিয়া, বাইনচুটকি ও কাকচিড়া এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে প্রায় ৮০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকারও বেশি। অপর আরেকটি অভিযানে ভোলার মনপুরার জনতাবাজার ও পাশ্ববর্তী পরিত্যক্ত বরফ কল এলাকায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ ৫০ হাজার টাকারও বেশি। পরে জব্দকৃত জাল স্থানীয় থানার পুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও জন প্রতিনিধিদের উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের নিয়মিত যৌথ অভিযানের মাধ্যমে একদিকে যেমন অবৈধ মৎস্য আহরণ ও সামুদ্রিক সম্পদের অপচয় রোধ সম্ভব হচ্ছে, অন্যদিকে উপকূলীয় অঞ্চলের জীব বৈচিত্র রক্ষা ও দেশের অর্থনীতিতে মৎস্যখাতের ইতিবাচক অবদান নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের দায়িত্ব প্রাপ্ত উপকূলীয় ও নৌ-সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং মৎস্য সম্পদ সংরক্ষণে নৌবাহিনী এরূপ অভিযান ও টহলকার্যক্রম অব্যাহত রাখবে।

