রাঙামাটিতে কুখ্যাত ইয়াবা সম্রাট আশরাফুল আজম ওরফে দিপু সহ ৬ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার (১৮ আগষ্ট) রাত সাড়ে ৯টা থেকে রাঙামাটির তবলছড়ি হোটেল জেড ওয়াই ও রাঙামাটি রেসিডেন্সিয়ল স্কুল এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকশ দল ২ দফায় অভিযান পরিচালনা করে ৬জনকে আটক করে। পুলিশের অভিযানে এ সময় অফিসার্স কলোনি এলাকার আব্দুল হালিম রিপন একই এলাকার মোরশেদ ও তারেক এবং বিএডিসি এলাকার আজিজুল হাকিম সাজুসহ মোট ৪ ইয়াবাসেবীকে আটক করা হয়। এছাড়াও ওয়াপদা কলোনী এলাকার কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী আশরাফুল আজম দিপু ও রূপনগর টিভি সেন্টার এলাকার ইয়াবা ব্যবসায়ী মোবারক হোসেন জীবনকে আটক করা হয়। এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালী থানার ওসি শাহেদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করেছে। অভিযানে ৪ জন মাদকসেবীকে এবং ২ জন ইয়াবা ব্যাবসায়ীকে আটক করা হয়। ওসি আরো জানান, অভিযানে ২ জন ইয়াবা ব্যবসায়ীর নিকট থেকে ২শত পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আইনি প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

