“অভায়শ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। দেশীয় মাছের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে গৃহীত এই কর্মসূচী চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার (১৮আগষ্ট) সকালে সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সারোয়ার, জেলা মৎস্য কর্মকর্তা বীজন কুমার নন্দী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল কাদের সরদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী। উদ্বোধনী পর্ব শেষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যা ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৎস্য দপ্তরে এসে শেষ হয়। এরপর গোপালগঞ্জ মৎস্য ও প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, “দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সরকার বহুমুখী পদক্ষেপ নিচ্ছে। সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।” আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিকভাবে দিনব্যাপী আয়োজনে সরকারী কর্মকর্তা, মৎস্য চাষী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

