জয়পুরহাটের কালাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মো. আজিজার রহমান শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তালখুর গ্রামে আসামি ছাইদুর রহমান, তার ভাই শাহজাহান আলী, ভাতিজা শিহাব হোসেন বাসেদ, বোন শহিদা বেগম এবং আত্মীয় মহিদুল ইসলাম ও ছায়েম হোসেন দেশীয় অস্ত্র নিয়ে আজিজারের বাড়ির সামনে হামলা চালান। এ সময় লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় আজিজার রহমান, তার স্ত্রী রিনা আক্তার ও মেয়ে শারমিন আক্তারকে। এ ঘটনায় বাড়ির আসবাবপত্র, জানালা ও একটি সিএনজি ভাঙচুর করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আজিজার রহমান বলেন, “বসতবাড়ির সামনে চলাচলের জন্য ৫ ফিট রাস্তা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তারা ৮ ফিট রাস্তার দাবি করে। এ নিয়েই দ্বন্দ্ব থেকে বৃহস্পতিবার সকালে বড় ভাই ছাইদুর ও শাহজাহানসহ অন্যরা হামলা চালায়।” তবে অভিযোগ অস্বীকার করে বড় ভাই ছাইদুর রহমান দাবি করেন, “আমার ছোট ভাই আজিজার ও বোন শহিদার মধ্যে বেড়া দেওয়া নিয়ে ঝগড়া হয়। আমি সমাধানের চেষ্টা করলে আজিজার ও তার পরিবারের লোকজন আমাকে আক্রমণ করে। এতে উভয় পক্ষের চারজন আহত হন।” কালাই থানার এসআই হাসানুর রহমান জানান, “ভুক্তভোগী আজিজার রহমান লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

