জয়পুরহাটের ক্ষেতলালে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ৮ আগস্ট শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের দক্ষিণ তাওসারা মৈয়ুম শেরকোলা মাঠে। আহতরা হলেন- ওই গ্রামের নুরুনবী, তার স্ত্রী শান্তনা বিবি ও ছোট ভাইয়ের স্ত্রী মেরিনা বিবি। এজাহার সূত্রে জানা যায়, নুরুনবী তার দখলকৃত পৈতৃক জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় অভিযুক্তরা সেখানে বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে তারা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও লাঠি দিয়ে নুরুনবী ও দুই নারীকে মারধর করে। এ সময় নারীদের শ্লীলতাহানি করা হয় এবং নুরুনবীর ১৮০ শতক জমির চারা উপড়ে ফেলে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়। অভিযুক্তরা হলেন-আজিজার, তোফাজ্জল, সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম, রেজাউল, নাহারুল, আলামিন , এনামুল, বিউটি ও জনি। অভিযুক্ত আজিজার রহমান ফোনে বলেন, “ওই জমিতে আমাদেরও অংশ রয়েছে। আদালতে মামলা চলমান থাকায় কেউ ধান রোপণ করতে পারবে না। আমরা কাউকে মারধর করিনি।” ক্ষেতলাল থানার ওসি আব্দুর রহিম জানান, “এ ঘটনায় মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

