জুলাই অভ্যুত্থান ও জুলাই বিপ্লব দিবস উপলক্ষ্যে মাদারীপুর জেলা বিএনপির বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় দুবৃর্ত্তদের হামলায় মারাত্মক জখম হয়েছে শহিদুল ইসলাম লিখন মুন্সি ও তার আপন দুই ভাই। বুধবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে মাদারীপুর পৌর শহরের ডিসি ব্রিজ এলাকায় মিছিল আসলে পূর্ব পরিকল্পিতভাবে তাদের কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় লিখন মুন্সি ও সোহাগ মুন্সিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত পরিবার ও পুলিশ জানায়, সকার পৌনে ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লব দিবস উপলক্ষ্যে একটি বিজয় মিছিল নিয়ে শকুনী লেকপাড় থেকে ইটেরপুলের দিকে যাচ্ছিল। এ সময় মিছিলটি ডিসি ব্রিজ এলাকায় আসলে মিছিল থেকে কয়েকজন দুবৃর্ত্তরা দেশীয় অস্ত্র দিয়ে লিখন মুন্সিকে কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে বাঁচাতে আসলে লিখনের দুই ভাই মিলন মুন্সি ও সোহাগকেও কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে লিখন ও সোহাগের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সময় মিছিলের পাশেই মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল হোসেন ও তার সাথে সঙ্গীয় র্ফোস উপস্থিত ছিলেন। কিন্তু তাদের তেমন তৎপরতা দেখা যায়নি বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে সাংবাদিকের উপর এমন ন্যক্কারজনক হামলায় ক্ষুদ্ধ হয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে দোষীদের বিচার দাবী করেন। উল্লেখ্য, এ বছরের ২৩ মার্চ রাত ১০টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় উপজেলা শ্রমিকদলের সভাপতি মোফাজ্জেল মুন্সির ছেলে শাকিল মুন্সি হত্যা মামলার আসামী ছিলেন শহিদুল ইসলাম লিখন মুন্সি। এ ঘটনার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে আহতদের পরিবার দাবী করেছেন।

