পঞ্চগড়ের বোদা উপজেলায় ৪টি পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে ওজনে কম দেওয়া এবং ‘এক্সপ্লোসিভ অ্যাক্ট’-এর বিভিন্ন বিধি লঙ্ঘনের দায়ে সর্বমোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বোদা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। অভিযানে সহায়তা করে বোদা থানা পুলিশের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ জানান, “বোদা উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাপে কম দেওয়া এবং ‘এক্সপ্লোসিভ অ্যাক্ট’সহ ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ মেলে। এজন্য ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বমোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

