পঞ্চগড় শহরের রেজিস্ট্রি অফিস সংলগ্ন জনবহুল এলাকায় বেঙ্গল এলপিজি ফিলিং স্টেশনের অনুমোদন বাতিলের দাবিতে শনিবার সকালে শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখা। বক্তারা বলেন, জনবসতিপূর্ণ ও সরকারি দপ্তরের নিকটে এলপিজি স্টেশন স্থাপন বিপজ্জনক এবং এলপিজি বিধিমালা লঙ্ঘন। রংপুর ও ময়মনসিংহে এলপিজি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের উদাহরণ তুলে ধরে তারা দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন। তারা অনুমোদন বাতিলসহ জেলার সব বেআইনি এলপিজি বিক্রি বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। স্টেশন মালিক আবরার মতিন আলিফ দাবি করেন, নিয়ম মেনেই কাজ চলছে। জেলা পরিবেশ অধিদপ্তর জানায়, জেলা প্রশাসনের প্রাথমিক অনুমোদনের ভিত্তিতেই তারা ছাড়পত্র দিয়েছে।

