জয়পুরহাট: র্যাব-৫ এর জয়পুরহাট সিপিসি-৩ ও রাজশাহী সিপিএসসি ক্যাম্পের যৌথ অভিযানে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সোনামূখী এলাকায় ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-মোছাঃ রাজেনা খাতুন, মোছাঃ মর্জিনা খাতুন ও মোঃ আক্কেল আলী। তাদের সবার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার তেতুলিয়া গ্রামে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ আগস্ট রাত ১১টা ৪৫ মিনিটে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৪ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন এবং একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, তারা একটি আন্তঃজেলা মাদকচক্রের সদস্য। দীর্ঘদিন ধরে সিলেট-হবিগঞ্জ সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে বিভিন্ন স্থানে সরবরাহ করত তারা। আসামিদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

