জয়পুরহাট জেলা পরিষদের সহযোগিতায় এবং স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনের প্রচলিত নিয়ম অনুসরণ করে একটি মডেল ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া। ৩১ জুলাই, বৃহস্পতিবার সকাল ১১টায় ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই ডেমো ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ক্ষেতলাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এই অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে ভোটার তালিকা প্রস্তুত, সিল দেওয়া, ভোট প্রদান ও গণনার নিয়মাবলী সম্পর্কে ধারণা লাভ করে। নির্বাচনী পরিবেশ, বুথ ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ পদ্ধতিও অনুকরণ করে দেখানো হয়।
এই কার্যক্রমের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, সচেতনতা এবং ভবিষ্যৎ নাগরিক দায়িত্ব সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

