ঢাকাThursday , 31 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে উপজেলা প্রশাসনের অভিযান

Link Copied!

যশোরের কেশবপুরে (অপ্রাপ্তবয়স্ক মেয়েকে) বাল্য বিয়ে দেওয়ার প্রস্তুতিকালে মেয়ের বাবা সন্তোষ দাসকে ৮ হাজার টাকা জরিমানা এবং বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে সরকারি খাস জমি দখল করে দোকান ঘর নির্মাণের অপরাধে শাহীনুুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা এবং নির্মাণাধীন স্থাপনা অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ জুলাই) রাতে ভ্রাম্যমাণ আদালত দু’টি পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামে সন্তোষ দাসের অপ্রাপ্তবয়স্ক মেয়ে সুবর্ণা দাসের বিয়ের প্রস্তুতি চলছিলো। এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বুধবার (৩০ জুলাই) রাতে মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ের প্রস্তুতির সত্যতা পেয়ে মেয়ের বাবাকে ৮ হাজার টাকা জরিমানা এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না মর্মে অঙ্গীকারনামা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করেছেন। অপরদিকে উপজেলার বায়সা গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে শাহিনুর রহমান সরকারি রাস্তার পাশে খাস জমি দখল করে দোকান ঘর নির্মাণ করছিলেন। দোকান ঘর নির্মাণের প্রাক্কালে শাহিনুর রহমানকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুসারে ৫ হাজার টাকা জরিমানা এবং নির্মাণাধীন স্থাপনা অপসারণ করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি নির্মূলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতার বড়ই প্রয়োজন। সমাজ থেকে যেকোন ভাবেই বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। এ ছাড়াও সরকারি রাস্তার পাশে খাস জমি দখল করে দোকান ঘর নির্মাণাধীন স্থাপনা অপসারণ করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।