জয়পুরহাট সদর উপজেলার ফুলতলী মোড় এলাকা থেকে দস্যুতা মামলায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামী ফয়সালকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ফয়সালের পিতা আব্দুর রাজ্জাক এবং তার বাড়ি পূর্ব জানিয়ারবাগান (প্রামানিকপাড়া), নতুনহাট, জয়পুরহাট সদরে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে ধান ব্যবসায়ী নুরুল ইসলাম তার পুত্রসহ কোমরগ্রাম চারমাথা হাট থেকে ধান ক্রয় শেষে প্রাইভেটকারযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। পরদিন রাত ১টা ৩৫ মিনিটের দিকে ইসলামপুর গ্রামের কাদিপুর মোড়ে পৌঁছালে ওৎ পেতে থাকা ৪জন অস্ত্রধারী দুষ্কৃতিকারী প্রাইভেটকারটির গতিরোধ করে হামলা চালায়। দুর্বৃত্তরা গাড়ির গ্লাস ভেঙে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে নুরুল ইসলামের কাছ থেকে নগদ ৬,৬৯,৫৮৫ টাকা এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয়। ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুজন দুষ্কৃতিকারীকে ধাওয়া দিয়ে ৫ হাজার টাকা সহ হাতে নাতে আটক করে। পরে জয়পুরহাট সদর থানায় দায়ের হওয়া মামলা (নং-৪৯, তারিখ ৩০/০৫/২০২৫, ধারা-৩৯৪ পেনাল কোড) অনুযায়ী তদন্তে নেমে র্যাব ঘটনাসংশ্লিষ্ট অন্যান্য পলাতক আসামীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ধারাবাহিক অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায়, শুক্রবার ২৫ জুলাই গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও নগদ ২,৯৮৫ টাকা উদ্ধার করা হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

