পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় অবস্থিত পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (২১ জুলাই) রাতে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৪ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। অভিযানকালে জাহিদুল ইসলাম বাবু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তবে স্কুলের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী আয়ূব আলী পালিয়ে যেতে সক্ষম হন। আটক জাহিদুলের বাড়ি জেলা শহরের কায়েতপাড়া এলাকায়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী পৌরসভার খালপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে প্যাথারিন ইনজেকশন জাতীয় মাদকের ৪৯টি ইনজেকশন, বিভিন্ন ব্র্যান্ডের ২৩টি বাটন মোবাইল, ৪টি অ্যান্ড্রয়েড ফোন এবং নগদ ৪ হাজার টাকা জব্দ করে সেনাবাহিনী। পরে জাহিদুলকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় আটক জাহিদুলসহ মোট তিনজনকে আসামি করা হয়েছে, যার মধ্যে রয়েছেন পলাতক নিরাপত্তা প্রহরী আয়ূব আলীও। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান বলেন, “আটক জাহিদুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।” এ বিষয়ে সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

