ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জন ও সদর উপজেলার শিংরোড সীমান্ত দিয়ে ৭ জনসহ মোট ২৪ বাংলাদেশিকে পুশইন করেছে। বুধবার রাতের এ ঘটনায় বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৮ জন নারী, ৮ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে। ২৩ জনকে পঞ্চগড় ও বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আমির হোসেন (২০) নামে একজনের পরিচয় এখনো নিশ্চিত হয়নি, তিনি বিজিবির হেফাজতে রয়েছেন। পুলিশ ও বিজিবি সূত্র জানায়, তারা দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। ৬ জুলাই ভারতের পুলিশ তাদের আটক করে বিমানযোগে ফিরিয়ে এনে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ রাতের আঁধারে তাদের বাংলাদেশে পুশইন করে। তারা নড়াইল ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে দাবি করেছেন। পরিচয় যাচাই করে পরিবারে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

