ঢাকাTuesday , 15 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুপচাঁচিয়ায় জোড়া হত্যা মামলায় ৩ ডাকাত গ্রেফতার

Link Copied!

বগুড়া জেলার দুপচাঁচিয়ায় চাঞ্চল্যকর জোড়া হত্যা ও ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে বগুড়া ডিবি পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন। দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ গ্রামের বাসিন্দা তহমিনা বিবি গত ১০ জুলাই দুপচাঁচিয়া থানায় এজাহার দায়ের করেন। তিনি জানান, ৮ জুলাই রাতে তার পিতার বাড়িতে ডাকাতদল প্রবেশ করে তার বাবা আফতাব উদ্দিন, ভাইয়ের স্ত্রী রিভা এবং ভাতিজি রুকাইয়া তাসনিম মালিহার উপর হামলা চালায়। ডাকাতরা আফতাব উদ্দিন ও রিভাকে শ্বাসরোধে হত্যা করে এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ ২০ হাজার টাকা লুট করে। মামলা রুজুর পর বগুড়া ডিবির ওসি মো. ইকবাল বাহারের তত্ত্বাবধানে ও পরিদর্শক মো. রাকিব হোসেনের নেতৃত্বে তদন্ত শুরু হয়। গত সোমবার তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী ডাকাত সর্দার আব্দুল হাকিম, আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে আরও এক ডাকাত সদস্য রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। ডিবি জানায়, আব্দুল মান্নান পূর্বে আফতাব উদ্দিনের সেচপাম্পে কাজ করতেন। পরে তাকে চাকরি থেকে বাদ দেওয়ায় প্রতিশোধ থেকে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। ডাকাত সর্দার হাকিমসহ দলটি বাড়িতে ঢুকে দুইজনকে হত্যা করে ও লুটপাট করে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।