ঢাকাSunday , 13 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে আন্তঃধর্মীয় সম্প্রীতি দিবস উদযাপন

Link Copied!

“আন্তঃধর্মীয় সংলাপ করি, সম্প্রীতিতে বাস করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হয়েছে আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি দিবস। এ উপলক্ষে শনিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের সেন্ট মাদার তেরেজা স্কুলে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনাজপুর ধর্মপ্রদেশের খ্রিষ্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি, সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের সহযোগিতায় এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার কেরোবিম বাকলার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহীন এবং ফাদার বিদ্যা বর্মন। সম্প্রীতি সমাবেশে জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতা, এনজিও প্রতিনিধি ও সমাজসেবীরা অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে দেশে সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়কে ইঙ্গিত করে ধর্মীয় হিংসা ও বিদ্বেষ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের পরিস্থিতি সম্প্রীতির চেতনার পরিপন্থী এবং জাতীয় ঐক্যের জন্য হুমকি স্বরূপ। বক্তারা আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব তুলে ধরেন এবং সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্য বৃদ্ধির আহ্বান জানান। তারা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার” এই চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সমাজের প্রতিটি স্তরে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। সম্প্রীতি সমাবেশ শেষে একটি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।