আদালত অবমাননার অভিযোগে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকিরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন আদালত। সোমবার (৮ জুলাই) জয়পুরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস এই আদেশ দেন।
নোটিশে বলা হয়, গত ৫ জুলাই আব্দুল মোমেন ফকির তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে আদালতের একটি বিচারিক আদেশ ও কার্যক্রম নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। একই সঙ্গে তিনি প্রয়াত আইনজীবী গোলাম রব্বানীর শোকসভা সংক্রান্ত একটি বিষয়ে বিচারককে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করেছেন। এই বক্তব্য আদালতে উপস্থাপিত স্ক্রিনশর্টের মাধ্যমে প্রমাণসহ দাখিল করা হয়। আদালতের মতে, এ ধরনের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আদালতের প্রতি নেতিবাচক ধারণা সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে পারে। একজন পেশাদার আইনজীবীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়, বরং এটি ফৌজদারি অপরাধের শামিল এবং বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তাকে আগামী ১৩ জুলাইয়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে ৷ কেন তার বিরুদ্ধে বার কাউন্সিলে লাইসেন্স বাতিলের আবেদন করা হবে না এবং কেন বিষয়টি হাইকোর্টের দৃষ্টিগোচর করা হবে না। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ও এপিপি নাজমুল ইসলাম জনি জানান, “বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী কোনো আইনজীবী আদালত অবমাননাকর আচরণ করলে তা শাস্তিযোগ্য এবং তার বিরুদ্ধে বার কাউন্সিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।”

